বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্, সেপ্টেম্বর ১, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে কাজ করা, তাদের দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই উপলক্ষে বিএনপি ১৬ সদস্যের জাতীয় উদ্‌যাপন কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা।

আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Nagad