নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করা হলে তা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক হবে।
রোববার (৩১ আগস্ট) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের স্পষ্ট বার্তা দিয়েছেন। এ সময় তিনি আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবেন, তা জাতির জন্য হবে গভীর বিপজ্জনক।
প্রেস সচিব বলেন, আজকের মিটিংগুলোর মাঝামাঝি সময়েই প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দারও দেখা করেছেন। আলী রীয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হচ্ছে, সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কি মতামত দিয়েছে, সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে।
এ ছাড়া বৈঠকে জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বিষয়টি নিয়ে একেকজন একেক রকম মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টা সেটি বিস্তারিত শুনেছেন।
বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

