চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা ঝোলানো হবে: সারজিস
চোর-বাটপার ও চাঁদাবাজদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
সারজিস আলম বলেন, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের মা-বাবার নাম-ঠিকানাসহ তালিকা প্রত্যেক এলাকায় প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি গঠন শুরু করেছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ দেখাতে পারেনি, সেই সাহস করছে ছাত্রদল। এ দেশে স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলতে দেওয়া হবে না।
এনসিপির এ নেতা অভিযোগ করেন, স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্টের চেষ্টা করছে।
সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

