পল্লী বিদ্যুতের অনুপস্থিত কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ
গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।
বার্তায় বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা। এই সেবা প্রদানে বাধা বা বিঘ্ন সৃষ্টি করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণের প্রচেষ্টা চলছে এবং সরকার এ বিষয়ে সংবেদনশীল।
তবে গণছুটির নামে কর্মস্থল থেকে অনুপস্থিত যারা থাকবেন, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।