রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল
ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ ট্রায়ালে শতভাগ সাফল্য দেখিয়েছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মিললেই চলতি মাসেই বাজারে আসবে এ ভ্যাকসিন।
রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (এফএমবিএ)-এর প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দেন ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে। রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষকরা জানান, এটি হবে বিশ্বের প্রথম ক্যানসার টিকা, যা তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রযুক্তিই করোনাভাইরাসের টিকা তৈরিতে ব্যবহৃত হয়েছিল। ভ্যাকসিনটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে ক্যানসার কোষ ধ্বংসে সক্ষম হয় এবং বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয়।
পরীক্ষামূলক প্রয়োগে টিকা গ্রহণকারীদের শরীরে কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বিশেষত ক্যানসারের প্রাথমিক ও মধ্যম পর্যায়ে এটি অধিক কার্যকর বলে দাবি করেছেন গবেষকরা।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করা হয়েছে। অনুমোদন পেলে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

