সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫১ কোটি ডলার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ অপরাহন, সেপ্টেম্বর ৭, ২০২৫

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬ হাজার ২৯৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে— ১০ কোটি ৫ লাখ ৫০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক (৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ডলার)। এরপর আছে—বাংলাদেশ কৃষি ব্যাংক: ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংক: ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার, অগ্রণী ব্যাংক: ৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ডলার, জনতা ব্যাংক: ২ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার, সিটি ব্যাংক: ২ কোটি ৬৪ লাখ ১০ হাজার ডলার।

অন্যদিকে, সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে দেশি-বিদেশি ১২টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রয়েছে পাঁচটি বিদেশি ব্যাংক। আয় না আসা ব্যাংকগুলো হলো— বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, সিটিজেনস ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

Nagad