ট্রেন লাইনচ্যুত, জয়পুরহাটে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ৮, ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ট্রেনটির পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়। রাতভর উদ্ধারকাজ শেষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল সচল হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করে। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস নির্দিষ্ট স্টেশনে আটকা পড়ে ছিল।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধার করে অন্য বগির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সকাল সাড়ে ৯টার পর থেকে সান্তাহার জংশন থেকে সীমান্ত এক্সপ্রেস ছাড়াসহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, সান্তাহার জংশন অতিক্রম করার কিছুক্ষণ পর ট্রেনটির পাওয়ার কার থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি ভদ্রকালী এলাকায় থামানো হয় এবং সেখানেই লাইনচ্যুতির ঘটনা ঘটে।

Nagad