নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগপত্রে যা লিখে গেছেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫১ অপরাহন, সেপ্টেম্বর ৯, ২০২৫

নেপালে তীব্র জনবিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। সংগৃহীত ছবি

নেপালে তীব্র জনবিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন তিনি।

পদত্যাগপত্রে অলি উল্লেখ করেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, নেপালের সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর, দেশের বর্তমানে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংবিধান অনুসারে সমস্যার রাজনৈতিক সমাধান এবং সমাধানের দিকে আরও পদক্ষেপ নেয়ার জন্য, সংবিধানের ৭৭ (১) (ক) অনুচ্ছেদ অনুসারে, আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) থেকে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

নেপালে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কারণে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে।

বিক্ষোভকারীরা সরকারের এই পদক্ষেপকে ‘জেন-জি রেভল্যুশন’ হিসেবে অভিহিত করেছেন। পুলিশি গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে।