ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে, যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই এগুলো স্বাভাবিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি ডাকসু নির্বাচনে অংশ না নিলেও শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি শুভকামনা রয়েছে তার।
সালাহউদ্দিন আহমদ মনে করেন, ডাকসু নির্বাচন শিক্ষাঙ্গনের রাজনীতির প্রতিচ্ছবি। এখানকার অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। তবে বড় রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা ছাড়া ডাকসুর নেতারা জাতীয় পর্যায়ে খুব একটা এগোতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের অনেকটাই এসেছে ছাত্র আন্দোলনের মাধ্যমেই।
এবারের নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে। ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম (১৪,০৪২ ভোট)। জিএস পদে এস এম ফরহাদ (১০,৭৯৪ ভোট) এবং এজিএস পদে মহিউদ্দীন খান (১১,৭৭২ ভোট) জয়ী হয়েছেন।
এছাড়া অতিরিক্ত সম্পাদক ও সদস্য পদে ঐক্যবদ্ধ জোটের প্রার্থীরাই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

