কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা
সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কাতারের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে জানিয়েছে, এ হামলা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে। এজন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ।

