ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেল সরবরাহের ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।
ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।