জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটের জন্য ২১ কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ আটটি প্যানেল অংশ নিচ্ছে নির্বাচনে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা সম্পন্ন হবে।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও পাঁচ প্ল্যাটুন আনসার। এছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসের ভেতরে-বাইরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।