আবারও বাড়ছে খেলাপি ঋণ, সেপ্টেম্বরেই ছুঁতে পারে ৬ লাখ কোটি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্, সেপ্টেম্বর ১২, ২০২৫

দেশের ব্যাংক খাতে আবারও বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশিত হওয়ায় এ সংখ্যা বাড়ছে। অনেক শিল্পমালিক বিদেশে পালিয়ে যাওয়া ও কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবও এর পেছনে কাজ করছে।

তথ্যমতে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ১৫ বছর পর গত অর্থবছরের শুরুতে তা দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।

এ বছরের মার্চ থেকে জুন—এই তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে এক লাখ ১০ হাজার ৯৪ কোটি টাকা। আর গত এক বছরে তিন লাখ ১৯ হাজার ৩৬ কোটি টাকা বেড়ে জুন শেষে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র ছয় মাসে ১০ শতাংশ বেড়ে জুনে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৬২ কোটি টাকায়। রাজনৈতিক প্রভাবে ঋণ বিতরণে অনিয়মই মূলত দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ফরেনসিক অডিটে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। পাশাপাশি ঋণ খেলাপি হওয়ার নিয়মে সাম্প্রতিক পরিবর্তনও এই বৃদ্ধি প্রভাবিত করেছে।

Nagad