জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা কার্যক্রম শুরু হয়।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন হলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে শেষ মুহূর্তে ভোটারদের চাপ বাড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দীন আহমদ হলে ভোটগ্রহণ শেষ হতে কিছুটা বিলম্ব ঘটে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি হলের ব্যালট পৃথকভাবে গণনা করা হচ্ছে। প্রাথমিক ফল দ্রুত প্রকাশের লক্ষ্যে কমিশনের কাজ অব্যাহত রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিনেট, হল ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কয়েকটি হলে ভোট গণনার প্রাথমিক ফল পাওয়া গেছে। এর মধ্যে আল বেরুনী হলে ১২৫, মীর মশাররফ হোসেন হলে ৩১০, মওলানা ভাসানী হলে ৩৮৪, শহীদ রফিক-জব্বার হলে ৪৭০ এবং রোকেয়া হলে ৬৮০ ভোট পড়েছে।

এদিকে ভোটগ্রহণ চলাকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুল এবং কয়েকটি হলে ভোটার আইডি সংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত ছিল। দিন শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসহ কয়েকটি ছাত্র সংগঠন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একই অভিযোগে বিএনপিপন্থী তিন শিক্ষকও দায়িত্ব থেকে সরে দাঁড়ান। রাতে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে আনা হয়। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে মুরাদ চত্বর, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট ও পরিবহন গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এপিবিএন, র‌্যাব ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Nagad