কানাডা প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম চালু করেছে। এর ফলে কানাডায় অবস্থানরত প্রবাসীরা এখন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।
তিনি আরও উল্লেখ করেন, রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রবাসীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং পরে কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন সিইসি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের সূচনা হয়।
ইসির এ নতুন উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা নিতে পারবেন। কানাডায় অটোয়া হাইকমিশনের পাশাপাশি টরন্টো কনস্যুলেট জেনারেল থেকেও এ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব।
কানাডায় ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালুর এ উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

