কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে দখলীকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে নতুন বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে।
এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি।”
এই উন্নয়ন পরিকল্পনার আওতায় ৩ হাজার ৪০০টি নতুন ইসরায়েলি বসতি নির্মাণের কথা রয়েছে। এতে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ওই অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হবে।
পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা একে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে বিবেচিত, যদিও ইসরায়েল নিজ দেশে এ বসতিগুলোকে বৈধতা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

