চীনের বিজ্ঞানীদের তৈরি ‘বন গ্লু’ ৩ মিনিটেই সারাবে ভাঙা হাড়
চীনের বিজ্ঞানীরা এমন এক ধরনের মেডিকেল ‘হাড়ের আঠা’ (Bone Glue) তৈরি করার দাবি করেছেন, যা মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় এবং টুকরো হয়ে যাওয়া হাড়ের অংশ জোড়া লাগাতে সক্ষম। এই নতুন পণ্যটির নাম দেওয়া হয়েছে “বোন-০২” (Bone-02)। এটি প্রচলিত মেটাল ইমপ্ল্যান্টের বিকল্প হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। খবার এনটিভির
পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের একটি গবেষণা দল বুধবার (১০ সেপ্টেম্বর) এই উদ্ভাবনের ঘোষণা দেয়। স্যার রান রান শ হসপিটালের অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং জানান, তিনি পানির নিচে একটি ব্রিজে ঝিনুকের শক্তভাবে লেগে থাকার দৃশ্য দেখে এই ‘হাড়ের আঠা’ তৈরির অনুপ্রেরণা পান।
নতুন আঠা যেভাবে কাজ করবে
লিন জিয়ানফেংয়ের মতে, এই আঠা রক্তে পরিপূর্ণ পরিবেশেও মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে হাড়কে সঠিকভাবে জোড়া লাগাতে পারে। হাড় সেরে ওঠার সঙ্গে সঙ্গে এই আঠা স্বাভাবিকভাবেই শরীরের দ্বারা শোষিত হয়ে যায়, ফলে ইমপ্ল্যান্ট সরানোর জন্য দ্বিতীয়বার অপারেশনের প্রয়োজন হয় না।
ল্যাব পরীক্ষায় দেখা গেছে, ‘বোন-০২’ সুরক্ষা এবং কার্যকারিতা উভয় ক্ষেত্রেই সফলভাবে কাজ করেছে। একটি পরীক্ষায়, মাত্র ১৮০ সেকেন্ডের মধ্যে হাড় জোড়া লাগানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, যেখানে প্রচলিত পদ্ধতিতে স্টীল প্লেট এবং স্ক্রু বসানোর জন্য বড় ধরনের অপারেশনের প্রয়োজন হয়। সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, ১৫০-এর বেশি রোগীর ওপর এই আঠা সফলভাবে পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষায় দেখা যায়, আঠা দিয়ে জোড়া লাগানো হাড়ের সর্বোচ্চ বন্ধন শক্তি ৪০০ পাউন্ডের বেশি, শিয়ার স্ট্রেংথ প্রায় ০.৫ এমপিএ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ প্রায় ১০ এমপিএ। বিজ্ঞানীরা মনে করছেন, এই পণ্যটি প্রচলিত ধাতব ইমপ্ল্যান্টের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে, যা সংক্রমণ এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কমাতে পারে।

