জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের
জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগৃহীত ছবি
জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি। এসময় আরও চারটি দাবি তুলে ধরে জামায়াত।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, জামায়াতের দাবিগুলো হলো-১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু, ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।