তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন: ইয়াও ওয়েন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কারিগরি বিশেষজ্ঞ দল আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে আসবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি, চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ চলমান প্রকল্প এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

কূটনৈতিক সূত্র জানায়, তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ চীনের কাছ থেকে ঋণ চেয়েছে ৫৫ কোটি ডলার এবং বাকি অর্থ সরকারি তহবিল থেকে দেওয়া হবে। ২০২৬ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৯ সালে শেষ করার পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চীনের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ কোটি ডলারের বেশি, যা এ সময়ে সর্বোচ্চ। তিনি বলেন, তিস্তা প্রকল্পের অর্থায়ন নিয়ে চীন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কাজ করছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে চীন ও ভারত উভয়ই তিস্তা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। সে সময় ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব বিনয় কোয়েত্রা ঢাকা সফরে এসে ভারতের আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে প্রকল্পটি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।

Nagad