১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্, সেপ্টেম্বর ১৭, ২০২৫

মো. কবির হোসেন পাটোয়ারী। সংগৃহীত ছবি

১৭টি বিয়ে ও প্রতারণার অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তাকে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরি দেওয়া, বিদেশে পড়াশোনার সুযোগ, বিমানবালা বানানো কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৭ নারীকে বিয়ে করেছেন কবির হোসেন। এ নিয়ে ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে গত ১১ সেপ্টেম্বর বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, প্রথম বিয়ে গোপন রেখে একে একে ১৭টি বিয়ে করে তিনি মুসলিম ফ্যামিলি আইন লঙ্ঘনসহ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছেন।

তবে অভিযুক্ত কবির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Nagad