বিমানবন্দরে থামানো হলো সোহেল তাজকে, যুক্তরাষ্ট্র যাত্রা ব্যর্থ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ২৭, ২০২৫

সংগৃহীত ছবি

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাইয়ের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’ তিনি আরও জানান, ঘটনাটি সম্ভবত বুধবার ঘটেছে।

অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সোহেল তাজের নামে ‘ভ্রমণরোধ’ থাকায় তিনি দেশ ত্যাগ করতে পারেননি।

২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। পরবর্তীতে ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে একই বছরের ৩১ মে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

পরে ২০১২ সালের ২৩ এপ্রিল তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। প্রথমবার তার পদত্যাগ গ্রহণ না করায় ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয়।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পর তিনি অভিযোগ করেছিলেন, তার পথে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এসব কারণেই রাজনীতি থেকে সম্পূর্ণ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

Nagad