ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহন, সেপ্টেম্বর ৩০, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ছেড়েছেন, তারা বিদেশ থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার, তাদের সহযোগী ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী জাতীয় নির্বাচনের পথ রুদ্ধ করার কৌশল নিচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।