অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকারে ৮৩২.৫ ভরি সোনা উদ্ধার
অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুইটি লকার থেকে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। অনুসন্ধানে যুক্ত থাকা সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছেন।
প্রথমবার সাবেক প্রধানমন্ত্রীর লকার খোলা হলো
সরকার পরিবর্তনের পর এটি শেখ হাসিনার লকার খোলার প্রথম ঘটনা। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তার ও তার পরিবারের বিরুদ্ধে কর ফাঁকি, দুর্নীতি ও সম্পদের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু করে।
এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা লকারসমূহ আগেই জব্দ করে সিআইসি। গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে তার আরেকটি লকার (নং ১২৮) জব্দ করা হয়। এ সময় দুইটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়-কটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা পাওয়া যায়।
অগ্রণী ব্যাংকের লকার দুটিতে পাওয়া ৮৩২.৫ ভরি সোনা তাৎক্ষণিকভাবে জব্দ করে তদন্তকারী সংস্থাগুলো।