চট্টগ্রামের ১৬ আসনে আচরণবিধি প্রতিপালনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২:১৯ অপরাহন, december ১৩, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শুক্রবার (১২ ডিসেম্বর) এক অফিস আদেশে তাদের এ দায়িত্ব প্রদান করেন।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এর মাধ্যমে প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাই যেন নির্বাচন আচরণবিধি মেনে চলেন, তা নিশ্চিত করা হবে।

৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় ১২ জন এবং জেলার ১৫টি উপজেলায় ৩০ জন দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকেই তাদের কার্যক্রম শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।