বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পেল ‘অ্যাভাটার’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহন, december ২০, ২০২৫

বিশ্বের সঙ্গে একই দিনে ঢাকায় মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের জনপ্রিয় কল্পবিজ্ঞান সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি দেশের স্টার সিনেপ্লেক্সের পর্দায় দর্শকদের সামনে আসে বহুল আলোচিত এই সিনেমা।

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম কিস্তির মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে আসে ‘অ্যাভাটার’। এরপর ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। নতুন কিস্তিতেও জেমস ক্যামেরনের ভিজ্যুয়াল নির্মাণশৈলী দর্শকদের বড় পর্দার অভিজ্ঞতার দিকেই টেনে নিচ্ছে।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। নতুন সংকটের পাশাপাশি ‘আগুন উপজাতি’র আবির্ভাব কাহিনিতে যোগ করেছে ভিন্ন মাত্রার উত্তেজনা ও দ্বন্দ্ব। সমালোচকদের মতে, সিনেমাটির গল্প ও ভিজ্যুয়াল বড় পর্দায় দেখার অভিজ্ঞতাই এর আসল শক্তি।

সিনেমার সংগীতেও রয়েছে দীর্ঘ প্রস্তুতির ছাপ। সুরকার সাইমন ফ্র্যাংলেন সাত বছর ধরে প্রস্তুত করা ১ হাজার ৯০৭ পাতার অর্কেস্ট্রা স্কোর এবং নতুন বাদ্যযন্ত্র ব্যবহারের মাধ্যমে সংগীত অংশে ভিন্নমাত্রা যোগ করেছেন।

এদিকে জেমস ক্যামেরন জানিয়েছেন, বক্স অফিসে দর্শকপ্রতিক্রিয়া ও ব্যবসায়িক সাফল্যের ওপরই নির্ভর করবে ‘অ্যাভাটার’ সিরিজের ভবিষ্যৎ কিস্তিগুলোর নির্মাণ।

Nagad