রেফ্রিজারেটর, এসি ও টিভিতে দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৯ অপরাহন, december ২১, ২০২৫

আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি) ও টেলিভিশন ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫ এর ১৭তম আসরে তিনটি ক্যাটাগরিতে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননা পেয়েছে ওয়ালটন।

এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২বার, টেলিভিশন টানা তিনবার এবং এসি পরপর দ্বিতীয়বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করল।

গত শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ দেশজুড়ে গ্রাহক, পরিবেশক, ডিলার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য বাংলাদেশকে এআই ও আইওটি-ভিত্তিক স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের একটি বৈশ্বিক হাবে পরিণত করা এবং একই সঙ্গে ওয়ালটনকে বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর কাতারে নিয়ে যাওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে ফ্রিজ, এসি ও টিভিসহ বিভিন্ন পণ্যে নিয়মিতভাবে আধুনিক স্মার্ট প্রযুক্তি সংযোজন করা হচ্ছে।

Nagad

ওয়ালটন বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে। ভবিষ্যতে একশটিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের জন্য বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সব বিভাগ থেকে ভোক্তারা জরিপে অংশ নেন। ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ভোক্তার পছন্দ, ব্যবহারিক উপযোগিতা, মূল্য প্রতিযোগিতা ও মার্কেট শেয়ারের মতো বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ৪৫টি ক্যাটাগরিতে ৪৫টি ব্র্যান্ডকে সম্মাননা দেওয়া হয়।

চলতি বছর ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে ওয়ালটন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ডিএইচএল–দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’, সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড–২০২৫ এবং যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড প্লাটিনাম সনদ।