নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্, december ২৩, ২০২৫

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে-এ বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন সাধারণ নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফোনালাপে সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান সার্জিও গোর। তিনি বলেন, আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে-যে অধিকার স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতা সহিংসতা উস্কে দিচ্ছেন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জানান।

Nagad

ড. ইউনূস বলেন, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চাই। এটি যেন একটি স্মরণীয় নির্বাচন হয়—সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।