সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্, december ২৩, ২০২৫

সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা সোমবার ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে।

অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধনের লক্ষ্যে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১১ নম্বর অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর উপ-ধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্ন বিলুপ্ত করা হয়েছে।

এছাড়া, সংশোধিত অধ্যাদেশে নতুন করে ধারা ৩ক সংযোজন করা হয়েছে। এতে বলা হয়, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকবে।

সংশ্লিষ্টদের মতে, এই সংশোধনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বয়সসীমা নির্ধারণের বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে।

Nagad