বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১০ অপরাহন, december ২৩, ২০২৫

দেশের বর্তমান সময়কে একটি ‘ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড’ বা রূপান্তরকাল হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংকটময় পরিস্থিতিকে কেন্দ্র করে একটি মহল ভয়ংকর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী শৃঙ্খলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, দলের ঘোষিত প্রার্থীদের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় প্রার্থী পরিবর্তনের আর কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। নির্বাচন কমিশন ও সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতার বিষয়টিও তুলে ধরা হয়। সমঝোতা অনুযায়ী চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। আসনগুলো হলো-নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা ফখরুল বলেন, সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম অন্য কোনো আসনে প্রার্থী দেবে না। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত আসনগুলোতে খেজুর গাছ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এতে ধানের শীষের শক্তি আরও সুদৃঢ় হবে।

Nagad

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।