‘ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত, আরও আতপ চাল আনা হবে’
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তির দিকে রয়েছে। বিশেষ করে চীন বিপুল পরিমাণ চাল কিনছে, যার বেশির ভাগই তারা ভিয়েতনাম থেকে সংগ্রহ করছে। এতে বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে এবার সরকার যে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে, তার দাম গতবারের তুলনায় কিছুটা কম, যা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন তিনি।
সার আমদানির বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে এবং এর পাশাপাশি আরও ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে। বর্তমানে সারের দাম তুলনামূলকভাবে ভালো পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদনের কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের চারটি সড়ক প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ খাতে ময়মনসিংহ অঞ্চলে ১৯টি সাবস্টেশন বিতরণের বিষয়টি সভায় আলোচনায় এসেছে বলে জানান তিনি। রমজানকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্র্যান অয়েল আমদানির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা তুষ থেকে উৎপাদিত হয়।
বিদেশে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকার কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অনুমতি প্রত্যাহার করা হতে পারে বলেও জানান তিনি।

