রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, এর আগে বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের মতে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়বে এবং বাজারদর সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

