সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কয়েক ঘণ্টা পরই সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
বিএনপির এই নেতা আরও জানান, সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ খালেদা জিয়ার নিকটাত্মীয়রা হাসপাতালে উপস্থিত হন। অনেকে এখনও সেখানে অবস্থান করছেন।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার অসুস্থতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ছিল, যা মাঝে মাঝে গুরুতর আকার ধারণ করছিল।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

