৫ আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় খালেদা জিয়া কেন আলাদা: ফারুকী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্, december ৩১, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী ও অনন্য ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়ার দেওয়া ভাষণ দেখলেই বোঝা যায়, তিনি কেন সবার থেকে আলাদা।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফারুকী।

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের ইতিহাস দেখলে ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না; দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই তিনি এটি অর্জন করেছেন।’

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি বিরল দৃষ্টান্ত। তার রাজনৈতিক অবস্থান, নেতৃত্ব ও ভূমিকা ভবিষ্যতেও আলোচিত হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

Nagad