খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে চারদিক থেকে আরও মানুষ জানাজায় অংশ নিতে সেখানে জড়ো হতে থাকেন।
জানাজায় অংশ নিতে আসা এক শোকাহত ব্যক্তি বলেন, “নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে এসেছি। এমন দিনে বাড়িতে থাকা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসে এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আবার আসবেন কি না জানি না। শেষ বিদায় জানাতেই এখানে এসেছি।”
এর আগে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে বুধবার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এদিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।
জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

