শাহজাহানপুরে বাসায় চুরি করতে এসে চোরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্, জানুয়রী ৪, ২০২৬

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় বাসায় চুরি করতে আসা এক চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এ বি এম শফিউল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল হক শাহজাহানপুর থানার গুলবাগ এলাকার বাসিন্দা এবং মৃত ইমদাদুল হকের ছেলে।

নিহতের ছেলে সামিউল হক জানান, বয়সের কারণে তার বাবা অবসর জীবনযাপন করতেন। দুপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে তাদের বাসায় ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে তার বাবা ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। এতে মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শফিউল হক।

তিনি আরও জানান, প্রথমে আহত অবস্থায় তার বাবাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শাহজাহানপুর থানাকে অবহিত করা হয়েছে।

Nagad