৪২ শিক্ষার্থী পেল টিএমজিবির শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩৯ অপরাহন, জানুয়রী ২৪, ২০২৬

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) টানা চতুর্থবারের মতো সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টিএমজিবি শিক্ষাবৃত্তি ২০২৬ প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেশনাল স্ট্যাডিজ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মাদ আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৪২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অতিথিদের বক্তব্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে নতুন প্রজন্মকে শুধু প্রযুক্তি ব্যবহারেই নয়, প্রযুক্তির অন্তর্নিহিত জ্ঞান অর্জনেও দক্ষ হতে হবে। টিএমজিবির এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেশনাল স্ট্যাডিজ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান বলেন, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। ভবিষ্যতেও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক আয়োজনে টিএমজিবির সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় উদ্বুদ্ধ করতে টিএমজিবির ধারাবাহিক এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি আগামীতে শিক্ষাবৃত্তির পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনে স্মার্ট টেকনোলজিসের সহযোগিতার আশ্বাস দেন।

Nagad

বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, শিশুদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ জরুরি। ম্যাথ অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াড ও বিজ্ঞানভিত্তিক আয়োজনগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে টিএমজিবির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী ও কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।