দেশের সব ব্যাংকের জন্য নতুন বিদ্যুৎ-জ্বালানি নির্দেশনা
দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযত হতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
অফিসে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি কম ব্যবহার করতে হবে।
আলো, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রয়োজন ছাড়া চালানো যাবে না।
দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।
অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, ব্যয় কমানোর জন্য কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহার করতে উৎসাহিত করা হবে।
অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখতে হবে।
অপ্রয়োজনীয় সাজসজ্জার আলো ব্যবহার এবং নির্ধারিত সময়ের বাইরে প্রচারমূলক ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড চালু রাখার অনুমতি থাকবে না।
বাংলাদেশ ব্যাংক আরও স্মরণ করিয়েছে, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি হওয়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সংক্রান্ত নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সংস্থার কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার প্রেক্ষাপটে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য।

