‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, মার্চ ২৬, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচে সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেন। খেলা শুরুর আগে পূর্বঘোষণা ছাড়াই স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টেডিয়ামে পৌঁছে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ডাগআউটে বসে খেলা উপভোগ করেন। পরে ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ক্রীড়াকে পেশাদার রূপ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হবে।

তিনি জানান, দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্কুলভিত্তিক বিভিন্ন শ্রেণিতে খেলাধুলার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে।

Nagad

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য বাড়াতে দক্ষ খেলোয়াড় তৈরি করা প্রয়োজন। সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়া যেমন দেশের জন্য সম্মান বয়ে আনে, তেমনি মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলে।

শেষে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।