বাক্কোর সঙ্গে বৈঠকে বিপিও খাত উন্নয়নে নীতিগত সহায়তার আশ্বাস মন্ত্রী

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর একটি প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

রোববার (২৯ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিপিও ও আইটিইএস খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিপিও খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে নীতিগত সহায়তা, প্রণোদনা কাঠামো শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া আসন্ন বিপিও সামিট ২০২৬ আয়োজন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয়।

মন্ত্রীফকির আনাম, এমপি বলেন, ‘বিপিও খাত দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

বৈঠকে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, ‘বাংলাদেশের বিপিও শিল্প ইতোমধ্যে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তবে এই খাতকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে সমন্বিত নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে কার্যকর ব্র্যান্ডিং অত্যন্ত জরুরি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘বাক্কো সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি শক্তিশালী ও টেকসই বিপিও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বৈঠকে সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। তাঁদের উপস্থিতি বৈঠকটিকে নীতিনির্ধারণী দৃষ্টিকোণ থেকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Nagad

বাক্কোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মো. আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ। তাঁরা বিপিও শিল্পের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

বাক্কো জানিয়েছে, এ ধরনের গঠনমূলক আলোচনা ও সমন্বিত উদ্যোগ দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে এবং তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর, টেকসই ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করবে।