গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, অ্যান্ড্রয়েড অটোতে নতুন সুবিধা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহন, অক্টোবর ২২, ২০২৬

গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পছন্দ অনুযায়ী উত্তর এবং পরামর্শ দিতে অ্যান্ড্রয়েড অটোতে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা চালু করছে গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে জেমিনি জিমেইলসহ গুগলের বিভিন্ন অ্যাপের তথ্য কাজে লাগিয়ে আরও প্রাসঙ্গিক ও নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে। আগামী কয়েক মাসের মধ্যে গুগল বিল্ট-ইন প্রযুক্তিযুক্ত গাড়িতেও সুবিধাটি চালু করা হবে।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অটোতে পার্সোনাল ইন্টেলিজেন্স যুক্ত হওয়ায় জেমিনির তথ্য বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগের সক্ষমতা বাড়বে। ফলে গাড়ি চালানোর সময় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী তথ্য ও পরামর্শ পেতে পারবেন।

উদাহরণ হিসেবে, বিমানবন্দরে যাওয়ার পথে ব্যবহারকারী জেমিনিকে তাঁর ফ্লাইটের বোর্ডিং গেট কিংবা ফ্লাইটের সময়সূচি ঠিক আছে কি না, তা জিজ্ঞাসা করতে পারবেন। জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে জেমিনি ই-মেইলে থাকা বুকিংয়ের তথ্য বিশ্লেষণ করে এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। এতে প্রয়োজনীয় তথ্য খুঁজতে বারবার ফোনের দিকে তাকানোর প্রয়োজন কমবে।

এ ছাড়া চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নির্দিষ্ট ঠিকানা বলার পরিবর্তে ব্যবহারকারী শুধু ‘আমাকে আমার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে নিয়ে চলো’ বললেও জেমিনি প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে গন্তব্য খুঁজে দিতে পারবে।

নতুন শহরে ভ্রমণের সময় খাবারের জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে এআই সহকারীটি। ব্যবহারকারীর পছন্দ এবং খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ, যেমন নিরামিষ খাবারের চাহিদা বিবেচনায় নিয়ে রেস্তোরাঁর পরামর্শ দিতে পারবে এটি।

গুগল চলতি বছরের শুরুতে পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা চালু করে। প্রথমে গুগল এআই প্রো ও আলট্রা সাবস্ক্রাইবারদের জন্য এটি উন্মুক্ত করা হলেও পরে মার্চ মাসে বিনা মূল্যের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যও চালু করা হয়।

Nagad

ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় পার্সোনাল ইন্টেলিজেন্স বন্ধ করতে পারবেন। পাশাপাশি জেমিনি কোন কোন অ্যাপের তথ্য ব্যবহার করতে পারবে, তা-ও নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে।

গুগলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে সুবিধাটি চালু করা হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে সুইজারল্যান্ড, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ), যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ব্যবহারকারীরা এটি পাবেন না।

সূত্র: এনগ্যাজেট