লেবাননে আবারও ইসরায়েলের হামলা, নিহত ১১
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বুধবার ভোর পর্যন্ত কয়েক ডজন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একটি ‘ডাবল ট্যাপ’ হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারান। এদের মধ্যে তিনজন সিভিল ডিফেন্স কর্মী ছিলেন, যারা প্রথম হামলার পর উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
‘ডাবল ট্যাপ’ কৌশলে একটি হামলার কয়েক মিনিট পর একই স্থানে আবার আঘাত হানা হয়, যা সাধারণত হতাহতের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে চালানো হয়।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং প্রেসিডেন্ট যোসেফ আউন এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে চালানো অভিযানে তারা তিনজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে এবং গোষ্ঠীটির বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্মিত হিজবুল্লাহর একটি বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ টানেলে আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ ছিল বলে দাবি করেন তিনি।
বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে আর্টিলারি হামলাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

