বিশ্ববাজারে কমলে দেশেও কমবে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
সচিবালয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয় করে কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি লিটারপ্রতি ৪ টাকা দাম বাড়ানোর পর বাজারে নজরদারি আরও জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এ বিষয়ে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
মূল্য সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে যেমন দেশে বাড়ানো হয়, তেমনি কমলেও তা কমানো উচিত। ‘দাম কমলে তার প্রতিফলন দেশীয় বাজারেও দেখা যাবে’-এ ব্যাপারে নিশ্চয়তা দেন তিনি।
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে স্বীকার করে মন্ত্রী বলেন, যেকোনো পণ্যের দাম বাড়লেই মানুষের ব্যয় বাড়ে এবং ক্রয়ক্ষমতা কমে। তবে আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের প্রভাব এড়ানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, সয়াবিন তেল বাংলাদেশে উৎপাদিত হয় না, এটি পুরোপুরি আমদানিনির্ভর। তাই ভোক্তারা চাইলে বিকল্প হিসেবে পাম অয়েল বা রাইস ব্র্যান অয়েল ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন।

