বানারীপাড়ায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে গৃহবধূ নিহত, শিশু গুরুতর আহত

বানারীপাড়া প্রতিনিধি:বানারীপাড়া প্রতিনিধি:
প্রকাশিত: ১০:১৩ অপরাহন, মে ২, ২০২৬

বরিশালের বানারীপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ৭ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন (৩৪) ওই গ্রামের রংমিস্ত্রি সোহেল মিয়ার স্ত্রী। আহত শিশু জিসান তাদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকস্মিক ঝড়ে সোহেল মিয়ার বসতঘরের ওপর একটি বড় চাম্বল গাছ উপড়ে পড়ে। মুহূর্তেই ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এ সময় ঘরের ভেতরে ইয়াসমিন, তার ছেলে জিসান এবং ইয়াসমিনের মা অবস্থান করছিলেন।

ঝড়ের শব্দ শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে উদ্ধার করা হয়। তবে ইয়াসমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিশু জিসানকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইয়াসমিনের মা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ঘটনার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি দাফনকাজের জন্য সরকারি সহায়তা হিসেবে ১৫ হাজার টাকার চেক ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলো নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। আহত শিশু জিসানের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী।

Nagad