স্বামী-সন্তান কানাডায়, পল্লবীর ফ্ল্যাটে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
রাজধানীর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন।
বৃহস্পতিবার (৪ জুন) পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের সি ব্লকের একটি বাসা থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে বাবার পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন সেলিনা আফরোজ। তার স্বামী মমিনুল হক ও দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, একই ভবনের অন্য একটি ফ্লোরে তার এক বোন বসবাস করতেন। গত ২৬ মে রাত ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সেলিনা আফরোজের সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কারও যোগাযোগ হয়নি।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

