সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে এবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষাও নামমাত্র পর্যায়ে সীমিত রাখা হবে। কোচিংনির্ভর বা অতিরিক্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা নিরুৎসাহিত করা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার সুনাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করছে। সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।

Nagad

এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা।