নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, ২০ বছর চলতে পারে উত্তোলন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৮ অপরাহন, নভম্বর ২, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ বছর পর্যন্ত এ কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। পরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কূপটি থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে গ্যাসের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান নতুন গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলার পর আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপের কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে নতুন করে আগুনের শিখা জ্বালানো হবে।

Nagad