ডিজিটাল নিরাপত্তায় অবদানের স্বীকৃতি, ফিনিক্স সামিটে বিশেষ সম্মাননা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়ে শেষ হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে দেশের ডিজিটাল নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের সাইবার পেশাজীবীদের অনুপ্রাণিত করতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

সাইবার নিরাপত্তা অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ ফাইবার অ্যাট হোম-এর চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) সুমন আহমেদ সাবির-কে লাইফটাইম অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান এবং নারীদের প্রযুক্তি খাতে অংশগ্রহণে অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবে বিটিসিএল-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডোমেইন) জয়ীতা সেন রিম্পী বিশেষ সম্মাননা অর্জন করেন।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব-কেও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

গত ২৩ থেকে ২৭ জুন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-এ অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ক্লোজিং দ্যা সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিকস’। ব্র্যাক ব্যাংক-এর পাওয়ার্ড বাই সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সামিটে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী, ৭৩টি প্রতিষ্ঠান এবং দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার অংশ নেয়।

Nagad

দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, ফিনিক্স সামিট ২০২৬ শুধু একটি সম্মেলন নয়, বরং এটি নীতিনির্ধারক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। পাঁচ দিনব্যাপী আয়োজনে প্রযুক্তিগত সেশন ও প্যানেল আলোচনার মাধ্যমে উদীয়মান অর্থনীতিতে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নেপথ্যে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে পেরে আয়োজকরা গর্বিত।

এবারের ফিনিক্স সামিট বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) সার্বিক সহযোগিতা প্রদান করেছে।