তৃতীয়বার বিয়ে করলেন আমির খান
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন বলিউড অভিনেতা আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট–এর সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এমন দাবি করেছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন অনুযায়ী, বিশেষ বিবাহ আইনের অধীনে নিবন্ধিত এই বিয়ের আয়োজন ছিল একান্তই ব্যক্তিগত। আমির খান এটিকে ‘ঘরোয়া বিয়ে’ হিসেবে উল্লেখ করেছেন। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
বিয়ের দিন সকাল থেকেই অভিনেতার পালি হিলের বাসভবনের বাইরে সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড় দেখা যায়। মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত হলেও ঘরের ভেতরেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। এ সময় নির্মাতা আশুতোষ গোয়ারিকারসহ কয়েকজন ঘনিষ্ঠ অতিথিকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।
বিয়ে শেষে পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। বড় পরিসরে সংবর্ধনা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন আমির খান।
এর আগে আমির খান রীনা দত্ত এবং কিরণ রাও–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুটি সম্পর্কই বিচ্ছেদে শেষ হলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
প্রায় ২৫ বছরের পরিচয়ের পর গত বছর গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে পৌঁছাল।

