দেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো’ দাম কত?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

দেশের বাজারে নতুন প্রিমিয়াম সাত আসনের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) চাঙ্গান সিএস৭৫ প্রো উন্মোচন করেছে চাঙ্গান অটোমোবাইলের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড। পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি, আরামদায়ক কেবিন ও উন্নত নিরাপত্তা সুবিধাসমৃদ্ধ এ গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ লাখ টাকা।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সংযোজন (অ্যাসেম্বল) করা হলেও সিএস৭৫ প্রো-তে চাঙ্গানের বৈশ্বিক মান ও গুণগত মান বজায় রাখা হয়েছে। পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ব্যবহারের কথা বিবেচনায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে বিলাসবহুল কেবিন, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা, যা চালক ও যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান মিড-সাইজ এসইউভি বাজারের চাহিদা বিবেচনায় নতুন মডেলটি আনা হয়েছে। প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পারফরম্যান্স এবং বিক্রয়োত্তর সেবার মাধ্যমে এটি দেশের অটোমোবাইল বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।

নতুন সিএস৭৫ প্রো-তে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৮৫ হর্সপাওয়ার শক্তি এবং ৩০০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ৭-গতির ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি), যা শহরের রাস্তা থেকে মহাসড়ক-সব ধরনের যাত্রায় মসৃণ ও দ্রুতগতির ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।

গাড়িটির তিন সারির কেবিনে সাতজন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আসন ভাঁজ ও পুনর্বিন্যাসের সুবিধাও রাখা হয়েছে। এছাড়া প্রিমিয়াম মানের অভ্যন্তরীণ নকশা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ফিচারের মধ্যে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, বৈদ্যুতিক প্যানোরামিক সানরুফ, ১৯ ইঞ্চির টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল এবং উন্নত চালক-সহায়ক প্রযুক্তি (এডিএএস)। এসব প্রযুক্তি গাড়িটির নিরাপত্তা ও চালানোর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Nagad