দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর উদ্যোগের আহ্বান বিরোধীদলীয় নেতার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

জাতীয় সংসদকে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মঞ্চ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কার্যকর ও নীতিগত পদক্ষেপের ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক ও কার্যকর হবে, ততই জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে। স্পিকারের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি সংসদীয় কার্যপ্রণালী যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের পর্যাপ্ত অংশগ্রহণের সুযোগ না থাকার অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিল নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় সংসদে সময় ও রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ আর্থিক সহায়তার আহ্বান জানান। বিশেষ করে চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ায় এ অঞ্চলের পুনর্বাসনে অতিরিক্ত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।

রাজধানীর জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই ঢাকা শহর ড্রেনের পানিতে তলিয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। রাজধানীকে পরিকল্পিত ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করতে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে তিনি প্রাথমিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানান।

Nagad

উন্নয়ন বরাদ্দে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে ড. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের নির্বাচনী এলাকার জনগণ যেন বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। তিনি সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টনের দাবি জানান।

দুর্নীতিকে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য নয়, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার দাবিও জানান।